শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত

শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত

ছাত্র কাফেলা পরিচিতি

 

রাহমানিয়া ছাত্র কাফেলা পরিচিতি

জামিয়া রাহমানিয়া আরাবিয়া। শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত দেশসেরা দ্বীনি বিদ্যাপীঠ। নব্বই দশকে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠান শিক্ষিত মুসলিম জাতি গঠনের এক অনন্য সুতিকাগার। সুশিক্ষা ও আদর্শিক দীক্ষায় সময়োপযোগী যোগ্য আলেম গঠনে এই জামিয়ার ভূমিকা সর্বজনবিদিত। প্রতিষ্ঠাতা রহ. তাঁর সৃজনশীলতা ও দূরদর্শিতার পরিচয় দিয়ে প্রতিষ্ঠা করেন তারুণ্যের প্রতিভা গড়ার প্লাটফর্ম  “রাহমানিয়া ছাত্র সংসদ”। সময়ের ব্যবধানে আজ রাহমানিয়া ছাত্র কাফেলা নামে কার্যক্রম পরিচালনা করছে। যুগের চ্যালেঞ্জ মোকাবেলা, ইসলামি সংস্কৃতি ও সাহিত্য চর্চা এবং শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশের প্রত্যয়ে রাহমানিয়া ছাত্র কাফেলা দীর্ঘ তিন যুগ ধরে নিজেকে মেলে ধরে আছে সময়ের বুকে। এরই মাঝে জাতিকে সে উপহার দিয়েছে অসংখ্য সূর্য সন্তান, যাদের কৃতিত্বপূর্ণ পদচারণায় পৃথিবীর আনাচ-কানাচ আজ সমৃদ্ধ। যারা রাহমানিয়া ছাত্র কাফেলার স্বার্থক অর্জন।

আজকের শিশু-কিশোর, আগামীর ভবিষ্যৎ। তাদের আদর্শিক দীক্ষা একটি ঘুনেধরা জরাগ্রস্ত সমাজকে সভ্যতার বাতিঘরে পরিগ্রহ করতে পারে। তাই রাহমানিয়া ছাত্র কাফেলা চায় জামিয়ার প্রতিটি সন্তানকে কর্মবীর যোগ্য আলেমে দ্বীন হিসেবে গড়ে তুলতে। প্রতিটি ছাত্র যেন– পাঠ্যপুস্তকের পাশাপাশি বহুমুখী জ্ঞানের অধিকারী হয়ে উঠে, অর্জিত ইলমে ওহীকে সমাজ ও রাষ্ট্রের সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য নানামুখী দক্ষতায় নিজেকে গড়ে তুলতে পারে, সময় ও যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় সমাজে সঠিক ও সুশৃঙ্খলভাবে কর্ম পরিচালনায় দক্ষ হয়ে গড়ে উঠতে পারে।  

সর্বোপরি এ ছাত্র সংসদ দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগকারী এমন এক কাফেলার স্বপ্ন দেখে, যারা পৃথিবীকে আলোকোজ্জ্বল করবে তাদের তীক্ষ্ণ মেধা ও সুচারু কর্ম দিয়ে।

 

লক্ষ-উদ্দেশ্য : ছাত্র কাফেলার লক্ষ্য-উদ্দেশ্যগুলোর অন্যতম হলো—

ক. ছাত্রদেরকে প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি সমাজবিনির্মাণের বহুমুখী জ্ঞানে পরিপক্ক করা। সেই হিসেবে প্রতিটি ছাত্র যেন দরসি কিতাবের পাশাপাশি ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান ও সমকালীন বিশ্বসহ নানা বিষয়ে পর্যাপ্ত পরিমাণ বইয়ের সন্ধান পায় তার ব্যবস্থা রাখা।

খ. তালিবে ইলমদের মাঝে লুকিয়ে থাকা নানামুখী প্রতিভাকে বিকশিত করার মাধ্যমে যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ স্কলার তৈরি করা।

খ. প্রতিটি ছাত্র যেন আসাতিযায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে শিক্ষা-জীবন থেকেই সমাজ চিন্তা ও সমাজমুখী কাজের বস্তবভিত্তিক কার্যক্রমে অভ্যস্ত হয়ে উঠতে পারে তার জন্য বিভিন্ন প্রশিক্ষণমূলক আয়োজন বাস্তবায়ন করা।

 

কার্যক্রম

ছাত্র কাফেলার যাবতীয় কার্যক্রম মোট সাতটি বিভাগে পরিচালিত হয়—

১. অনুষ্ঠান বাস্তবায়ন বিভাগ : বছরব্যাপী নানামুখী প্রশিক্ষণমূলক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। যার মধ্যে উল্লেখযোগ্য বাংলা ও আরবি বক্তৃতা, ঈদুল আযহা উপলক্ষ্যে দিনব্যাপী ঈদ-আনন্দ অনুষ্ঠান এবং সীরাতচর্চাকে কেন্দ্র করে ২ দিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে বিভিন্ন ভাষায় বক্তৃতা, ইসলামি সঙ্গীত, বাংলা-আরবি রচনা, কবিতা-আবৃত্তি, বিতর্ক, টকশো, সংবাদ পাঠ, শেরের বাহাসসহ নানামুখি প্রতিযোগিতার আয়োজন থাকে। বিজয়ী ও নির্বাচিতদের মাঝে বিতরণ করা হয় মানসম্মত আকর্ষণীয় পুরস্কার।

২. পাঠাগার বিভাগ : পাঠ্যপুস্তকের পাশাপাশি সমসাময়িক নানামুখী জ্ঞান অর্জনের লক্ষ্যে আমাদের ২ টি পাঠাগারে রয়েছে বিভিন্ন ভাষায় রচিত প্রাচীন ও আধুনিক গ্রন্থে সমৃদ্ধ প্রায় চল্লিশটি কর্নার। ছাত্ররা এখান থেকে বিষয়ভিত্তিক বই উত্তোলন করে মুতালাআ করে। প্রতিবছর পাঠাগারে নতুন বই সংযুক্ত করা হয়।

৩. দেয়ালিকা বিভাগ : ঈদুল আযহা ও বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানকে কেন্দ্র করে বছরে দুইবার পাঁচটি বাংলা ও তিনটি আরবি, মোট-আটটি করে বছরে ষোলটি দেয়ালিকা প্রকাশ করা হয়। প্রবন্ধ-নিবন্ধ, ফিচার, ছোটগল্প, স্মৃতিচারণমূলক গদ্য, ছড়া-কবিতাসহ বিভিন্ন জনরার লেখায় সমৃদ্ধ হয় দেয়ালিকা। শ্রেষ্ঠ লেখক, শ্রেষ্ঠ কবি ও নির্বাচিতদের পুরস্কৃতও করা হয়।

৪. দফতর বিভাগ : বছরব্যাপী ছাত্র কাফেলার সকল কার্যক্রম শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে সমাপ্ত করা। নিয়মিত পরামর্শসভা, বিজয়ীদের পুরস্কার নির্ধারণ, অনুষ্ঠানসমূহের বিজ্ঞপ্তি, অনুষ্ঠানের ভালোমন্দ পর্যালোচনা এবং অতিথিদের নিমন্ত্রণ পত্রসহ কাফেলার যাবতীয় অফিসিয়াল কাজ প্রস্তুত ও সংকলন করা ইত্যাদি এ বিভাগের কাজ।

৫. পরিবেশ বিভাগ : ছাত্রদেরকে রুচিশীল পরিপাটি সুন্দর জীবনযাপনে অভ্যন্ত করতে ছাত্র কাফেলার পরিবেশ বিভাগ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার আসবাবপত্র যোগান দিয়ে ছাত্রদের মাঝে দায়িত্ব বণ্টন করে থাকে।

৬. আপ্যায়ন বিভাগ : বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতাকে কেন্দ্র করে উপস্থিত সভাপতি, বিচারক ও অতিথিদের সম্মানের প্রতি লক্ষ্য রেখে আপ্যায়নের যথাযথ ব্যবস্থা করা এ বিভাগের কাজ।

৭. অর্থ বিভাগ : ছাত্র কাফেলার যাবতীয় অর্থনৈতিক দায়-দায়িত্ব বহন করে এ বিভাগ। বিভিন্ন অনুষ্ঠান বাস্তবায়ন ও বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য মোটা অংকের টাকার প্রয়োজন হয়। এসব ফান্ড কালেকশন, যথাযথ খাতে তা ব্যয় ও তার সম্পূর্ণ হিসাব-নিকাশের সংরক্ষণ এ বিভাগের কাজ।

ছাত্র কাফেলার এই সকল কার্যক্রমের মধ্য দিয়ে জামিয়ার তালিবে ইলমরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, নানামুখী দক্ষতায় নিজেদেরকে গড়ে তুলতে পারে, সমাজমুখী কার্যক্রমের সরাসরি অভিজ্ঞতা অর্জন করে এবং অনুষ্ঠান ব্যবস্থাপনার নানাদিক হাতে কলমে শিখতে পারে।

সর্বোপোরি পড়ালেখার পাশাপাশি, আসতিযায়ে কেরামের তত্ত্বাবধানে বহুমুখী যোগ্যতায় নিজেকে মেলে ধরার এক উর্বর ক্ষেত্র হলো রাহমানিয়া ছাত্র কাফেলা।