জামিয়ার ছাত্র সংসদ ‘রাহমানিয়া ছাত্র কাফেলার আয়োজনে গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেলো বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান। আসাতিযায়ে কেরামের তত্তাবধানে, রাহমানিয়া ছাত্র কাফেলার আয়োজনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ছাত্রদের নানামুখী প্রতিভা বিকাশের জন্য বছরব্যাপী নানা আয়োজনের মধ্যে এটাই সবচেয়ে বড় আয়োজন। জামিয়া রাহমানিয়া প্রতিষ্ঠালগ্ন থেকেই পড়ালেখার পাশাপাশি ছাত্রদের নানামুখী প্রতিভা বিকাশের লক্ষ্যে বিভন্ন আয়োজন করে থাকে। সমাজের সব সেক্টরে কাজের উপযোগী দক্ষতা তৈরির লক্ষ্যে সরাসরি ছাত্রদের আয়োজনে এ অনুষ্ঠান হয়। প্রায় ২৯টি বিষয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হিফজুল কুরআন, তাফসিরুল কুরআন, হিফজুল হাদিস, আরবি বক্তৃতা, ইংরেজি বক্তৃতা, উর্দু বক্তৃতা, (সারা বছর বাংলা বক্তৃতা প্রশিক্ষণের আলাদা আয়োজন থাকায় এই অনুষ্ঠানে তা রাখা হয়নি) সংসদীয় বিতর্ক, টকশো, তাফসিরুল কুরআন, জ্ঞানীর সন্ধানে, ছোটদের মেধা যাচাই, হামদ-নাতসহ বৈচিত্র্যময় অনেক বিষয়ে এ প্রতিযোগিতার আয়োজন হয়ে থাকে। ছোটদের জন্য থাকে আলাদা আয়োজন।
বিশাল এ আয়োজনের পুরোটাই সরাসরি ছাত্রদের মাধ্যমেই হয়ে থাকে। এর সার্বিক ব্যবস্থাপনা থেকে শুরু করে অনুষ্ঠান মঞ্চস্থ করা পর্যন্ত সবকিছুই ছাত্রদের মাধ্যমে হয়। এতে করে শুধু প্রতিযোগীরাই উপকৃত হয় না। বরং কয়েক স্তরে সংশ্লিষ্ট ছাত্ররা অনুষ্ঠান প্লানিং থেকে শুরু করে অনুষ্ঠানপূর্ব প্রস্তুতিমূলক বিশাল কর্মযজ্ঞ, সঞ্চালনা, প্রবলেম সলভিংসহ ম্যানেজমেন্ট বিষয়েও নানামুখী দক্ষতা সরাসরি অভিজ্ঞার মধ্য দিয়ে অর্জন করার সুযোগ পায়।
২৮ সেপ্টেম্ব রবিবার সন্ধ্যার পর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানের পর্দা ওঠে। টানা আড়াই দিন নানা আয়োজন শেষে মঙ্গলবার বাদ মাগরিব আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পুরো সময়জুড়ে জামিয়ার বিভিন্ন বিভাগের উস্তাযবৃন্দ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার সনামধন্য মুহতামিম মাওলানা মাহফুজুল হক সাহেব দা.বা.।