দেখতে দেখতে ১৪৪৬-৪৭ হিজরী শিক্ষাবর্ষও শেষপ্রান্তে উপনীত। গত ২৬ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেলো জামিয়ার বরকত পরশিত খতমে বোখারী অনুষ্ঠান। সাত মসজিদ সংলগ্ন রাহমানিয়া ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার বাদ আসর থেকে ইশা পর্যন্ত চলে এ আয়োজন। আসরের পর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন জামিয়ার উস্তাযুল বোখারী ও নায়েবে মুহতামিম আল্লামা মামুনুল হক দা.বা.। মাগরিবের পর শুরু হয় মূল খতমে বোখারীর দরস প্রদান। প্রথমেই বোখারী শরীফের সর্বশেষ সদস প্রদান করেন জামিয়ার বর্তমান মুরুব্বি ও শাইখুল হাদীস মাওলানা বাহাউদ্দীন জাগীপুরী হুজুর দা.বা.। হুজুর অসুস্থতার কারণে সংক্ষিপ্ত দোয়া করে চলে যাওয়ার পর গুরুত্বপূর্ণ তাকরির পেশ করেন জামিয়ার প্রধান মুফতি ও সিনিয়র মুহাদ্দিস মুফতি হিফজুর রহমান সাহেব দা.বাদ। এ সময় উপস্থিত ছিলেন রঈসুল জামিয়া মাওলানা মাহফুজুল হক দা.বা., নাযেমে তালিমাত ও মুহাদ্দিস মুফতি আশরাফুজ্জামান দা.বা.সহ জামিয়ার সকল আসাতিযায়ে কেরাম ও রাজধানীর বিভিন্ন স্থান থেকে আগম উলামায়ে কেরাম।
আসরের পর থেকেই পুরো হলরুম ছিলো কানায় কানায় পূর্ণ। দাওরায়ে হাদিসের ছাত্রদের অভিভাবকবৃন্দ, জামিয়ার সকল বিভাগের তালিবে ইলম, এলাকার সাধারণ ধর্মপ্রাণ মুসলমান সকলের উপস্থিতিতে এ আয়োজন সবশ্রেণীর মানুষের পবিত্র মিলনমেলায় পরিণত হয়েছিলো।
দোয়ার সময় সৃষ্টি হয় অভূতপূর্ব একদৃশ্যের। বিদায়ী তালিবে ইলমদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। প্রায় এক দশকের ইলমের ছায়া থেকে দূরে সরে যাওয়ার বেদনা তাদেরকে আচ্ছন্ন করে ফেলে। আসাতিযায়ে কেরামের শীতল ছায়া থেকে বেরিয়ে ঝঞ্ঝাবিক্ষুব্ধ কর্মজীবনে প্রবেশের এ সন্ধিক্ষণ তাদেরকে বড় আবেগতাড়িত করে তোলে।
এবারের খতমে বোখারী অনুষ্ঠান সেজেছিলো নতুন সাজে। দাওরায়ে হাদিসের ছাত্রদের মধ্যে শিক্ষা-জীবনের আনুষ্ঠানিক সমাপ্তির বিদায়ী আবহ, আরেক দিকে খতমে বোখারী অনুষ্ঠানের আনন্দ একাকার হয়ে গিয়েছিলো। দাওরায়ে হাদীসের ছাত্রদের সাথে কথা বলে জনা গেছে, গত কিছুদিন যাবতই খতমে বোখারীকে কেন্দ্র করে সাথীভাইদের মধ্যে চলছে নানামুখী ব্যস্ততা।
তাকমীল জামাতের উদ্যোগে এবার প্রকাশিত হয়েছে গুরুত্বপূর্ণ লেখাসমৃদ্ধ ও তথ্যবহুল স্মারক ডায়রি। আত্মীয় স্বজন ও প্রিয় মানুষদের হাতে তুলে দেয়ার জন্য ছাত্ররা নিজস্ব উদ্যোগে তৈরি করেছে বিভিন্ন গিফট আইটেম। মেহমানদারীর জন্য ছিলো বিশেষ আয়োজন।
সবমিলিয়ে উৎসবমুখর ও পবিত্র আবেশের মধ্য দিয়ে শেষ হয় চলতি শিক্ষাবর্ষের জামিয়া রাহমানিয়া আরাবিয়ার খতমে বোখারী অনুষ্ঠান।