শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত

শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত

আরবি সাহিত্যে শাইখুল হাদিস রহ. শীর্ষক সেমিনার

শাইখুল হাদীস রহ.। নবী প্রেমের কিংবদন্তি পুরুষ। আমরা অনেকই হয়তো তার এ পরিচয় জানি না। নবীপ্রেমিক কবিদের দীর্ঘ মিছিলে তিনিও সতীর্থ। কোকিল কিংবা বসন্তের গান নয়; বন্দনা করেছেন সবুজ গম্বুজের। রাসূল নিবেদিত কাসিদা-কাব্য এ যাবত অনেক রচিত হলেও শাইখুল হাদীস আল্লামা আজিজুল হকের কাসিদায় স্বতন্ত্র সুর আছে। সুর-ছন্দের তাল-লয়ে তিনি অপূর্ব। রাসূল নিবেদিত শাইখের অমর কাব্যমালা মুমিন হৃদয়ে ইশকের ঢেউ তোলে। নিবিড় পাঠে মন্ত্রমুগ্ধ হয়ে ঘুরে আসা যায় নবীজির বাড়ি-ঘর। উদ্ধার করা যাক কয়েকটি আরবি কবিতার ভাষ্য।
১. মদিনার ঘরবাড়ি ও নির্দশনসমূহ আজও স্মরণ করায় নবীজিকে। যাকে আজ সাধারণ চোখ দেখে না।
২. অন্তরে আমার আনন্দ-ফূর্তি, মদিনার উপত্যকার বাতাস বইছে আমার অন্তরে।
৩. মদিনার বাতাস আমার অন্তর-আত্মা। এই বাতাসেই সে উড়ে পৌঁছবে বেহেশতের বাড়িতে।
৪. মদিনার ধূলাবালি আমার চোখের সুরমা। আমার মাথায় মদিনার মাটি বড় সৌভাগ্যের।
নবীদেশের বাতাস কতটা শীতল! সজীব শাইখের আত্মা তা অনুভব করেছিল। মদিনার বাতাসে জান্নাতে পৌঁছার আকুতিও অসাধারণ। তা ছাড়া নবীজির পায়ের ধূলা হবে প্রেমিক চোখের সুরমা। প্রেম প্রকাশের এই উপমাও কী স্বার্থক উপমা নয়?
নবীজির ভালোবাসা, মদিনার প্রেম, নবী বাড়ির ধূলাবালি, আলো-বাতাসের মায়া জালে অনেকেই আটকা পড়েছেন। প্রেমিকের জীবন বর্ণিল ও বৈচিত্র্যময় ঐশ্বর্যবান হয়ে ওঠেছে। বিস্মিত অভিভূত আর পুলকিত হয়েছেন আশেকেরা। বেদনায় কাতর হয়ে ইমাম বুসিরি লিখেছেন- কাসিদায়ে বুরদা। রওজার পার্শ্ববর্তী দেয়ালে আজও লেখা আছে অমর সেই পঙক্তি।
অর্থ : মাটিতে সমাহিতদের মধ্যে হে সর্বোত্তম ব্যক্তি! যার শরীরের খুশবুতে সুবাসিত হয়েছে টিলা ও প্রান্তর। যে কবরের আপনি অধিবাসী তার জন্য আমার প্রাণ উৎসর্গিত। মূলত এই কবরে রয়েছে পবিত্রতা ও নিষ্কলুষতা, দানশীলতা, দয়া ও মর্যাদা।
ভাব, আবেগ ও প্রেম নিবেদনে শাইখুল হাদীস রহ. ইমাম বুসিরির প্রতিবেশী। ইমাম আবু হানিফার ‘কাসিদায়ে নোমান’ ও শাইখের মদীনার টানে নবীপ্রেমের ভাষ্যে সমবায়ী কণ্ঠ। আল্লামা আজিজুল হক রহ. চেতনা ও বিশ্বাসে ইমাম বুখারির আত্মীয়। ইশকে এলাহি, দিদারে মাওলা আর নবীপ্রেমের আকুলতায় শাইখ, ইশকের আগুনে দগ্ধ রুমির ভিন্ন সংস্করণ। কাব্যের বিস্তর জলে সাবলীলতার প্রশ্নে তিনি শেখ সাদির উত্তরসাধক। কাসিদায়ে গাওসিয়ার কবি হযরত আবদুল কাদের জিলানি রহ., পান্দে নামার কবি ফরিদুদ্দীন আত্তার, আশেক কবি কাসেম নানূতবী, মাজযুব কবি হাজী এমদাদুল্লাহ মক্কী, ছন্দের কবি আবদুর রহমান জামির স্বগোত্রীয় শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক। দেওয়ানুল আজিজ তার অমর কাব্য রচনা।

আলহামদুলিল্লাহ! ইতোমধ্যেই ঢাকা শহরের অনেক মাদরাসায় তার রচিত কাব্যগ্রন্থ ‘দেওয়ানুল আজিজ’ নেসাবের অন্তর্ভুক্ত হয়েছে। আগামি ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাহমানিয়া মিলনায়তনে বরেণ্যদের হাতে আনুষ্ঠানিকভাবে উম্মোচিত হতে হচ্ছে সেই কাব্যগ্রন্থ। শাইখুল হাদীস আশরাফ আলী দা.বা., আল্লামা সুলতান যওক নদভী দা.বা. মাওলানা আব্দুল হাই পাহাড়পুরী দা.বা. অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে সম্মতি জ্ঞাপন করেছেন। এছাড়াও বেফাকের মহাসবি মাওলানা আব্দুল জাব্বার, মাওলানা শহিদুল্রাহ ফজলুলবারী, মাওলানা উবাইদুর রহমান খান নদভী, মাওলানা সফিউল্লাহ ফুয়াদ, মাওলানা মুহিব্বুল্লাহ আল বাকী, মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন, মাওলানা আবুল ফাতাহ মুহাম্মাদ ইয়াহইয়া, মাওলানা নোমান আহমাদ, মাওলানা যাইনুল আবিদীন, মুহাম্মাদ কামরুজ্জামান শামিম, ডা. আ.ন.ম আব্দুল্লাহ জাহাং্গীর, ডা. মুহাম্মাদ হিজবুল্লাহ, মুহাম্মাদ শাহেদ হারুন প্রমুখ্ আলোচকবৃন্দ উপস্থিত থাকবেন।
উক্ত সেমিনারে আপনাকে বিশেষভাবে দাওয়াত দেওয়া হচ্ছে।

বি.দ্র. http://www.shaikhulhadith.com/ লিংকথেকে লাইভ প্রচারের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।